আন্তর্জাতিক

মেক্সিকোর ওয়েভে বিশ্বরেকর্ডের সম্ভাবনা

৬ জুলাই, ২০২৬ এ ৮:২২ PM
মেক্সিকোর ওয়েভে বিশ্বরেকর্ডের সম্ভাবনা

২৪ঘণ্টা অনলাইন : ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে বিশাল এক ‘মেক্সিকান ওয়েভ’ আয়োজন করে নতুন বিশ্বরেকর্ড গড়ার পথে রয়েছে।

৬ জুন সকালে রাজধানীর প্রধান সড়ক পাসেও দে লা রেফর্মায় হাজারো মানুষ একসঙ্গে অংশ নেন এই ঐতিহাসিক আয়োজনে। জাতীয় দলের সবুজ জার্সি পরে অংশগ্রহণকারীরা পতাকা নেড়ে এবং ‘মেক্সিকো, মেক্সিকো’ স্লোগান দিয়ে ধারাবাহিকভাবে হাত উঁচু করেন, যা জনসমুদ্রে ঢেউয়ের মতো দৃশ্য তৈরি করে।

আয়োজনটি ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম জনপ্রিয় হওয়া ‘মেক্সিকান ওয়েভ’-এর ৪০তম বার্ষিকী উপলক্ষে করা হয়। যদিও এর উৎপত্তি নিয়ে এখনো মতভেদ রয়েছে; যুক্তরাষ্ট্রের দর্শকদেরও এ ধরনের ওয়েভের প্রথম উদ্ভাবক হিসেবে দাবি রয়েছে।

মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সরাসরি আগের রেকর্ড ভাঙার চেষ্টা নয়, বরং নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিষয়টি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

আয়োজনে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন বিদেশি পর্যটকরাও। অংশ নিতে আসা তেরেসা লোপেজ বলেন, তারা নিজেদের দেশকে সমর্থন জানাতে এবং বিশ্বের সবচেয়ে বড় ওয়েভে অংশ নিতে এসেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে একসঙ্গে সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৫৭৪ জন অংশ নিয়ে সবচেয়ে বড় ওয়েভের রেকর্ড গড়ে। ২০০৭ সালে পর্তুগালে সবচেয়ে দীর্ঘ ওয়েভ লাইন এবং ২০১৫ সালে জাপানে সবচেয়ে দীর্ঘ সময়ের ওয়েভের রেকর্ড হয়।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram