রামিসা হত্যা মামলার চূড়ান্ত রায় আজ

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় ৭ জুন বেলা ১১টায় ঘোষণা করা হতে পারে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ মামলার রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণার আগে সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে হাজির করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে আনা হয়। বর্তমানে দুজনই আদালতের হাজতখানায় রয়েছেন।
আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে। গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করেন। মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রতিবেশী সোহেল রানার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার পরদিন ২০ মে পল্লবী থানায় নিহত শিশুটির বাবা হত্যা মামলা দায়ের করেন। ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। দেশজুড়ে আলোচিত এই মামলার রায়ের দিকে এখন সবার নজর।
