কৃষিঋণের সুদ মওকুফে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে: তথ্যমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : সরকার ক্ষমতা গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের বৃহৎ ঋণভার ও খেলাপি ঋণের বাস্তবতার মধ্যেও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় এ উদ্যোগ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
৬ জুন রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরের এই সময়ে কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে রূপান্তর করতে প্রযুক্তি, দক্ষতা ও গবেষণার বিকল্প নেই। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশের জিডিপি, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ও কৃষি-শিল্প খাতের উন্নয়নে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নীতিনির্ধারণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
