শাহজালালে অগ্নিকাণ্ড, তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষ

২৪ঘণ্টা অনলাইন :২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশনে কোনো বিঘ্ন ঘটেনি এবং সব ধরনের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
৫ জুন রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকার একটি কন্টেইনারের ভেতরে ও পাশে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের উৎস এবং অন্য কোনো স্থানে ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাহী পরিচালক আরও বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশনে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।”
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিক জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের চেষ্টায় মাত্র ১৪ মিনিটের মধ্যে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কার্গো ভিলেজের এই অংশে সাধারণত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ৩৭টি ইউনিটের দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়।
