বিনোদন

২৫ জুন আসছে অপূর্ব-ইয়াশের ‘হেডলাইন’

৬ মে, ২০২৬ এ ১০:৫৪ PM
২৫ জুন আসছে অপূর্ব-ইয়াশের ‘হেডলাইন’

২৪ঘণ্টা অনলাইন : রহস্য, অনুসন্ধান আর পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে সালেহ সোবহান অনীম পরিচালিত এই অরিজিনাল সিরিজ।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

পোস্টারে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অবস্থায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে। তাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে কোনো গোপন সত্য অনুসন্ধানের তীব্র আগ্রহ। পুরোনো সংবাদপত্রের স্তূপের ভেতর থেকে বেরিয়ে আসার প্রতীকী দৃশ্যটি ইঙ্গিত দিচ্ছে সাংবাদিকতা ও অনুসন্ধানমূলক এক রহস্যঘেরা গল্পের দিকে।

সিরিজটি সম্পর্কে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, “চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্প বলার চেষ্টা করেছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি এবং এখনও ভালোবাসি, ‘হেডলাইন’ তেমনই একটি গল্প। এটি মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আবহে নির্মিত একটি পারিবারিক নাটক।”

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “দর্শকদের জন্য সবসময়ই চিন্তার খোরাক জোগায় এমন কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করি। ‘হেডলাইন’ সেই ধরনেরই একটি সিরিজ। অনীমের নির্মাণশৈলী ও শক্তিশালী চিত্রনাট্য দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।

আগামী ২৫ জুন থেকে শুধুমাত্র হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram