আজ বিশ্ব পরিবেশ দিবস, প্রকৃতি রক্ষার আহ্বান

২৪ঘণ্টা অনলাইন : পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ জুন পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
১৯৭২ সালের ৫ জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হওয়ার স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এরপর থেকে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। প্রতিপাদ্যের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার, পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়ন সংস্থা আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি, সেমিনার ও সচেতনতামূলক নানা কার্যক্রমের আয়োজন করেছে।
বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের অন্যতম বৃহৎ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিবেচিত। বর্তমানে এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে পালিত হয় এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, বন উজাড়, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশ্ব পরিবেশ দিবস সেই সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
