জাতীয়

জাতিসংঘের পদকে সম্মানিত ৬ শান্তিরক্ষী

৬ জানুয়ারি, ২০২৬ এ ৬:২১ PM
জাতিসংঘের পদকে সম্মানিত ৬ শান্তিরক্ষী

২৪ঘণ্টা অনলাইন : আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁদের এই সম্মাননা প্রদান করবেন।

পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন—মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তাঁরা নিহত হন।

জাতিসংঘ জানিয়েছে, এবারের অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সঙ্গে গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান করা হবে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ বর্তমানে সামরিক ও পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম অবদানকারী দেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ বিভিন্ন মিশনে ২৭৭ জন নারী সদস্যসহ চার হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ১১টি শান্তিরক্ষা মিশনে ৫০ হাজারের বেশি বেসামরিক, সামরিক ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এসব মিশনে ১১৮টি দেশ জনবল সরবরাহ করছে।

উল্লেখ্য, ২০০২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ মে-কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৪৮ সালে প্রথম শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন’ গঠনের স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘শান্তিতে বিনিয়োগ’।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জাতিসংঘের পদকে সম্মানিত ৬ শান্তিরক্ষী | ২৪ঘণ্টা