ঈদে পদ্মা-যমুনায় টোল আদায় ৬৩.৮০ কোটি টাকা

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ৩১ মে সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন চলাচল করেছে। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।
সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
