আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ

৬ মার্চ, ২০২৬ এ ১২:১৮ AM
লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ

২৪ঘণ্টা অনলাইন: দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিমে একাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (৩ মে) রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

এরমধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে। আর বাকিগুলো কোথায় আছড়ে পড়েছে সেটি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। এ রকেট নিক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, “হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন এটি।”

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। এতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে।

তবে ইরানের চাপের মুখে ১৬ এপ্রিল থেকে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরায়েল। কিন্তু দখলদাররা হামলা বন্ধ রাখেনি। তাদের সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙতে থাকে এবং হিজুবল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করেও হামলা চালায়। এর প্রেক্ষিতে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাতে থাকে।

গত কয়েকদিন ধরে তারা ইসরায়েলের সীমান্তবর্তী বসতি ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এর পাশাপাশি মাঝে মাঝে রকেটও ছুড়ছে তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ | ২৪ঘণ্টা