জাতীয়

৪৭তম বিসিএস ভাইভা ফরম পূরণ পিএসসির নির্দেশনা

৪৭তম বিসিএস ভাইভা ফরম পূরণ  পিএসসির  নির্দেশনা

২৪ঘণ্টা অনলাইন: ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশ হিসেবে অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ (ব্যক্তিগত তথ্যাবলি) পূরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের বিসিএস পরীক্ষার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে এই ফরমটি বাংলায় পূরণ করতে হবে। ফরম পূরণের সুবিধার্থে প্রার্থীর কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার এবং ইউনিকোড আপডেট করা ব্রাউজার থাকা বাঞ্ছনীয়। লগইন করার পর প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বাংলা টাইপ করার সুযোগ পাবেন অথবা অন্য পেজ থেকে তথ্য কপি করে ইনসার্ট করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়, ফরম পূরণের সময় প্রার্থীদের ‘ফ্রিডম ফাইটার স্ট্যাটাস’ (মুক্তিযোদ্ধা কোটা) সংক্রান্ত চারটি অপশন থেকে সঠিকটি নির্বাচন করতে হবে। অপশনগুলো হলো— বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনা (যুদ্ধাহত) সন্তান এবং নন-ফ্রিডম ফাইটার। সঠিক অপশনটি নির্বাচনের পর সংশ্লিষ্ট ফরমটি দৃশ্যমান হবে এবং সেটি সম্পূর্ণ বাংলায় পূরণ করে সাবমিট করতে হবে।

কমিশন জানিয়েছে, ফরম সাবমিট করার পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং দুই কপি পূরণ করা বিপিএসসি ফরম-৩ মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জমা দিতে হবে। যদি কোনো প্রার্থী তথ্যে ভুল করেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় লগইন করে ‘এডিট’ অপশনের মাধ্যমে তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। জানানো হয়েছে, সাধারণ ক্যাডারের ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। এই পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৪৭তম বিসিএস ভাইভা ফরম পূরণ পিএসসির নির্দেশনা | ২৪ঘণ্টা