বিনোদন

জেল থেকে বেরিয়ে মিমির বিরুদ্ধে যুবকের পাল্টা ব্যবস্থা

জেল থেকে বেরিয়ে মিমির বিরুদ্ধে যুবকের পাল্টা ব্যবস্থা

২৪ঘণ্টা অনলাইন: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পাশাপাশি এবার সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন মিমি চক্রবর্তী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের মূল আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন অভিনেত্রী। সেই অভিযোগে গত মাসে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেলহাজতে থাকতে হয় তনয়কে। জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই মিমির বিরুদ্ধে সরব হন তিনি।

২০ ফেব্রুয়ারি  বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তনয় শাস্ত্রী জানান, মিমি চক্রবর্তীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। অন্যায়ের বিচার চেয়ে তিনি এরই মধ্যে বনগাঁ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানে আসার জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কাজ পূর্ণ না হওয়ায় তিনি সেই অর্থ ফেরত চান। পাশাপাশি তার সামাজিক সম্মানহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি দাবি করে আগেই একটি মানহানির মামলা করেছেন তিনি।

আয়োজকের দাবি অনুযায়ী, ওই দিন মিমিকে কোনো অপমান করা হয়নি। বরং তিনি নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে আসায় তাকে শুধু মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বলে অভিযোগ তার। জেল থেকে বেরিয়েই তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমি এর শেষ দেখে ছাড়ব। এই বিষয়ে এখন পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram