জনগণকে তাদের পাশে থাকার আহ্বান
নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে নতুন বাংলাদেশ পার্টি

২৪ঘণ্টা অনলাইন : নতুন বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিল একঝাক চৌকস মেধাবী সাবেক সেনা কর্মকর্তা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময় শেষ ছিল ২২ জুন। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি।
কোনো দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্তপূরণ করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সেসব শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করেছে। বিদ্যমান আইনে অর্থাৎ আগের শর্তেই নিবন্ধনের আবেদন চেয়েছে ইসি।
উল্লেখ্য, গত ১০ মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। বিভিন্ন দলের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরে আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেন। ইসি সূত্র জানায়, গত ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এর বাইরে ৪৬টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। সময় বাড়ানোর পর অনেকগুলো দল আবেদন করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)। তাদের দলীয় প্রতীক (প্রজাপতি) নির্ধারন করেছে। এ ছাড়া ত্রিভুজের মধ্যে সূর্য ও দলের নাম, খচিত পতাকার জন্য অনুমোদনের জন্য আবেদন করেছেন তারা।
২২ জুন নির্বাচন কমিশনে নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) এর প্রাথমিক তথ্যাদিসহ আবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে দলটি। এ সময় দলের চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব আলতাফ হোসেন, ভাইচ চেয়ারম্যান ব্রি. জে. (অব.) তানভীর ইকবাল, ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আনোয়ার হোসনে, ভাইস চেয়ারম্যান ড. শরীফ সাকী, ভাইস চেয়ারম্যান সিরাজুল হক খান মজলিস, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মঈন খান, রাজনৈতিক বিষয়ক সম্পাদক সিকদার শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সামিনা ইউনুস, সদস্য জাকির হোসেন, সদস্য দীন ইসলাম সোহাগ, সদস্য শায়েখ আল নোমানীসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান, নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
নির্বাচন কমিশন জানায় এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে, তার বেশির ভাগই নামসর্বস্ব। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এরমধ্যে প্রাথমিক নথিপত্র বাছাইয়েই বাদ পড়েছিল ৮১টি দলের আবেদন।
