২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

মানুষের মুখে বিড়ালের অবয়ব দেখেন যুবক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিরল দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী কার্ল। তিনি মানুষের মুখে নিজের পোষা বিড়ালের চোখ ও ডোরাকাটা দাগ দেখতে পান। আবার বিড়ালের মুখেও মানুষের বৈশিষ্ট্য দেখতে পান। প্রোসোপোমেটামর্ফপসিয়া নামের এ বিরল স্নায়বিক অবস্থাটি নিয়ে গবেষণা প্রকাশিত হয়েছে ‘কর্টেক্স’ জার্নালে।

১৬ নভেম্বর, ২০২৬ এ ২১:২৫
মানুষের মুখে বিড়ালের অবয়ব দেখেন যুবক

২৪ঘন্টা ডেস্ক: মানুষের মুখের দিকে তাকালেই চোখে ভেসে ওঠে বিড়ালের অবয়ব! কারও চোখে দেখতে পান পোষা বিড়ালের মতো বাদাম আকৃতির চোখ, বড় মণি কিংবা ডোরাকাটা দাগ। আবার কখনো পরিচিত মানুষের মুখের বৈশিষ্ট্য দেখতে পান নিজের পোষা বিড়ালের মুখে। এমন অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক যুবক।

কার্ল ছদ্মনামে পরিচিত ওই যুবকের এই সমস্যা শুরু হয় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর। প্রায় দুই বছর ধরে তিনি এমন দৃষ্টিবিভ্রমের শিকার হচ্ছেন। তার এই বিরল অভিজ্ঞতা চিকিৎসাবিজ্ঞানীদের মানুষের মুখ চেনার প্রক্রিয়া এবং মস্তিষ্কের স্মৃতির ভূমিকা সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী ‘কর্টেক্স’-এ।

অস্ত্রোপচারের পর বদলে যায় মুখ দেখার অভিজ্ঞতা

কার্লের মস্তিষ্কের ডান পাশের পোস্টেরিয়র টেম্পোরাল লোবে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) বা ধমনী ও শিরার অস্বাভাবিক সংযোগ ছিল। এটি অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই মানুষের মুখ দেখার ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তিনি।

কার্লের ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তিনি মানুষের মুখের ওপর নিজের পোষা বিড়াল ‘লুনা’র বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পান। কখনো মানুষের চোখ বিড়ালের মতো হয়ে যায়, কখনো মুখে ফুটে ওঠে ডোরাকাটা দাগ। আবার উল্টো ঘটনাও ঘটে। অর্থাৎ, বিড়াল লুনার মুখে তিনি পরিচিত মানুষের চোখ কিংবা মুখের অন্যান্য বৈশিষ্ট্য দেখতে পান।

এই অভিজ্ঞতা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। কখনো কখনো পুরো দিনজুড়েও এমন পরিবর্তন অনুভব করেন তিনি।

স্মৃতির সঙ্গে মুখের বৈশিষ্ট্য মিশে যাচ্ছে?

কার্লের ঘটনাটি নিয়ে গবেষণায় সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডাচেইন।

নিউজউইককে তিনি জানান, মানুষের মস্তিষ্ক পরিচিত মুখের বিভিন্ন বৈশিষ্ট্য ও বিস্তারিত তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখে। কার্লের ক্ষেত্রে মুখ দেখার সময় সংরক্ষিত এসব বৈশিষ্ট্য একটির সঙ্গে অন্যটি মিশে গিয়ে দৃশ্যমান হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অর্থাৎ, তিনি যখন কোনো মানুষের দিকে তাকান, তখন সেই মুখের পাশাপাশি পোষা বিড়ালের চেহারার কিছু বৈশিষ্ট্যও দেখতে পান। একইভাবে বিড়ালের মুখেও মানুষের বৈশিষ্ট্য ভেসে উঠতে পারে।

গবেষকদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে মস্তিষ্ক কীভাবে পরিচিত মুখের তথ্য সংরক্ষণ করে এবং দেখার সময় সেই তথ্য ব্যবহার করে, সে সম্পর্কে আরও ধারণা পাওয়া সম্ভব।

কী এই প্রোসোপোমেটামর্ফপসিয়া?

চিকিৎসাবিজ্ঞানে কার্লের এই বিরল অবস্থার নাম প্রোসোপোমেটামর্ফপসিয়া (Prosopometamorphopsia)। এটি এমন এক ধরনের দৃষ্টিজনিত স্নায়বিক সমস্যা, যেখানে মানুষের মুখের গঠন ও বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে দেখা যায় না।

এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির কাছে মুখের বিভিন্ন অংশ অস্বাভাবিক বড় বা ছোট মনে হতে পারে। চোখ, নাক ও মুখের অবস্থান বদলে যেতে পারে। কখনো মুখের আকৃতি বিকৃত দেখায়, আবার কোনো ক্ষেত্রে ত্বকের রং ও নকশাও পরিবর্তিত মনে হয়।

কেন দেখা দেয় এমন সমস্যা?

মুখাবয়ব শনাক্ত ও বিশ্লেষণের সঙ্গে মস্তিষ্কের কয়েকটি নির্দিষ্ট অঞ্চল জড়িত। এসব অঞ্চলে আঘাত বা কার্যগত পরিবর্তন ঘটলে মুখ দেখার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

গবেষণায় স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথায় আঘাত, মৃগী রোগ এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এ ধরনের সমস্যা দেখা দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। তবে সব রোগীর ক্ষেত্রে এর নির্দিষ্ট কারণ একই নয়।

কার্লের ঘটনা দেখিয়েছে, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মানুষের মুখ চেনা ও দেখার অভিজ্ঞতায় কতটা অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে এটি মুখাবয়ব শনাক্ত করার পেছনে মস্তিষ্কের জটিল কার্যপ্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গবেষকদের জন্য নতুন অনুসন্ধানের পথ তৈরি করেছে।

#জাতীয়#সংবাদ#চিকিৎসাবিজ্ঞান#স্বাস্থ্য সংবাদ#মানুষের মুখে বিড়ালের অবয়ব#বিরল দৃষ্টিজনিত সমস্যা#প্রোসোপোমেটামর্ফপসিয়া#মস্তিষ্কে অস্ত্রোপচার#কার্লের বিরল রোগ#ডার্টমাউথ কলেজ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram