২৪ঘন্টা অনলাইন: তরুণ সাংবাদিকতা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে ঢাকায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর গণযোগাযোগ অধিদপ্তর কার্যালয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় ‘আমরা নারী’। এতে সার্বিক সহযোগিতা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর।
সেমিনারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সংযোগ তৈরিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান। তিনি কর্মসূচির উদ্বোধন করেন এবং শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। মহাপরিচালক বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে জানা শিক্ষার্থীদের জন্য খুব জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের পেশাগত প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়াবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বিশেষ বক্তব্য দেন পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তাঁরা সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের ওপর জোর দেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এমন আয়োজন খুবই কার্যকর।
দিনব্যাপী এই আয়োজনের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।



