২৪ঘন্টা অনলাইন: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১১ জন। একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের একাধিক বাণিজ্যিক ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
১৬ নভেম্বর রাত ৩টা ১৭ মিনিটে ফুকেটের পশ্চিম উপকূলসংলগ্ন একটি টাউন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে একটি গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে যে রেন্ট-এ-কার প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কীভাবে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। বৈদ্যুতিক ত্রুটি, নাকি অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফুকেটের পশ্চিম উপকূলের কাছাকাছি ওই এলাকাটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও বেশ পরিচিত। ফলে জনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রায় চার মাস আগে রাজধানী ব্যাংককের একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফুকেটে প্রাণ গেল আরও ১১ জনের।
পরপর এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি উদ্ধার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



