২৪ঘন্টা অনলাইন: আধুনিক কিচেন ডিজাইন থেকে শুরু করে ফার্নিচার তৈরির অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ডিজিটাল সাইনেজ প্রযুক্তি—সবকিছু এক জায়গায় দেখার সুযোগ তৈরি হচ্ছে ঢাকায়। আগামী ১৯ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনের এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশসহ নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত তিন প্রদর্শনীতে প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হবে।
কিচেন ও ইন্টেরিয়র ডিজাইনে নতুন প্রযুক্তি
তিন আয়োজনের মধ্যে ইনটেক এক্সপোতে বিশেষ গুরুত্ব পাবে আধুনিক কিচেন সলিউশন, মডুলার ক্যাবিনেট, ফার্নিচার, লাইটিং, পর্দা, হোম অটোমেশন এবং জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন পণ্য।
প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন তাদের মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ, সিন্টারড স্টোন, কিচেন অ্যাপ্লায়েন্স, ফিটিংস ও আধুনিক স্টোরেজ সলিউশন তুলে ধরবে।
মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত ইমরান খান বলেন, দেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল এবং দক্ষ জনবল কাজে লাগাতে পারলে এ খাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ প্রদর্শনী নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।
ফার্নিচার উৎপাদনে আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী
ফার্নিচার উৎপাদনশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’। এখানে কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ এবং উৎপাদনসংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হবে।
এ প্রদর্শনীর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস)। প্রতিষ্ঠান দুটির উদ্যোগে ফার্নিচার, দরজা, কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র সামগ্রী প্রস্তুতকারীরা আধুনিক উৎপাদনপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নঈমুল হোসেন খান জানান, এবারের ফার্নিটেক এক্সপোতে উদ্যোক্তা, প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
এ ছাড়া ফার্নিচার ডিজাইন ও সিএনসি প্রযুক্তিতে সৃজনশীল কাজকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে বিশেষ ডিজাইন প্রতিযোগিতা। এতে তিনটি বিভাগে বিজয়ীদের জন্য যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। ২১ নভেম্বর প্রদর্শনীর সমাপনী দিনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সাইনেজ প্রযুক্তিতেও থাকছে নতুন আয়োজন
তৃতীয় আয়োজন ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’-এ বিভিন্ন ধরনের সাইনেজ তৈরির যন্ত্রপাতি ও প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে। এতে বাংলাদেশ ও চীনের একাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজক এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, তিন প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতির পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারও তুলে ধরা হবে। এসব প্রযুক্তি দেশের ইন্টেরিয়র ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশে সহায়ক হবে বলে আশা করছেন তারা।
আয়োজকদের ভাষ্য, এ আয়োজন শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, উদ্যোক্তা, স্থপতি, প্রকৌশলী ও ডিজাইনারদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি করবে। দর্শনার্থীদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারও দেবে।
প্রবেশ বিনামূল্যে, প্রতিদিন খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত
আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শনীগুলোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিনের।
প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা ফি লাগবে না।
প্রদর্শনীর প্রয়োজনীয় তথ্য
তারিখ: ১৯-২১ নভেম্বর ২০২৬
স্থান: এক্সপো ভিলেজ, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা
সময়: প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা
অংশগ্রহণকারী দেশ: ৯টি
প্রতিষ্ঠান: ৫০টির বেশি
স্টল: প্রায় ২০০টি
প্রবেশমূল্য: বিনামূল্যে



