২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

কৃষি সমাচার

সবজি চাষে শীর্ষে যশোর, চারা বিক্রিতেই আসছে ২৫ কোটি টাকা

জেলায় সবজি আবাদের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৩৫। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি। প্রতি কেজির গড় দাম ৩০ টাকা ধরে এই উৎপাদনের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।

১৫ নভেম্বর, ২০২৬ এ ২২:৪৩
সবজি চাষে শীর্ষে যশোর, চারা বিক্রিতেই আসছে ২৫ কোটি টাকা

২৪ঘন্টা অনলাইন: জাতীয় কৃষি দিবসের দিনে যশোরের সবজি খাত নতুন করে আলোচনায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপাদিত হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৬৫৫ কোটি টাকা। সবজি চাষে দেশের মধ্যে যশোর দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় সবজি আবাদের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৩৫। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি। প্রতি কেজির গড় দাম ৩০ টাকা ধরে এই উৎপাদনের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।

মৌসুমভেদে উৎপাদনের হিসাবে এগিয়ে রবি মৌসুম। এ সময়ে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়েছে। খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমি থেকে এসেছে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন। আর খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের মোট উৎপাদনের অর্ধেকের বেশি এসেছে রবি মৌসুমে।

সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর ও বাগাডাঙ্গা এলাকা 'সবজি জোন' হিসেবে পরিচিত। এসব এলাকায় মাঠের পর মাঠ সবজির আবাদ চোখে পড়ে। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজি চাষ হচ্ছে। আধুনিক পদ্ধতির কল্যাণে এখন শুধু শীতকালে নয়, সারা বছরই এসব এলাকায় সবজি উৎপাদন হয়। বর্তমানে মাঠে চাষ হচ্ছে ৩৯ ধরনের সবজি, যার মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, করলা, শিম, গাজর, বিট, ক্যাপসিকামসহ নানা প্রকার শাক ও কচু।

যশোরের প্রায় ৩০ লাখ মানুষের সবজির বার্ষিক গড় চাহিদা ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যায়। এই সরবরাহের কেন্দ্রে রয়েছে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এখানে কৃষক, ব্যাপারী ও শ্রমিকদের ব্যস্ততা শুরু হয়। ট্রাকভর্তি সবজি যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের নানা প্রান্তে।

সবজির পাশাপাশি চারা উৎপাদনও এ অঞ্চলে বড় ব্যবসায় পরিণত হয়েছে। কৃষি অধিদপ্তর জানায়, সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে এই চারা তৈরি করছেন।

এত বিপুল উৎপাদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীরা প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রয়োজনীয়তার কথা বলছেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়, তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন বলে তিনি মনে করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন করা হয়। কৃষকদের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা, নতুন জাতের সঙ্গে পরিচয় করানো এবং আধুনিক সেচপ্রযুক্তি পৌঁছে দেওয়ার কাজও চলছে। এ ছাড়া সময়ে সময়ে উদ্ভূত সমস্যায় মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয় বলে তিনি জানান।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram