২৪ঘন্টা অনলাইন: ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
নিহত তরুণের নাম শাহরিয়ার রহমান শুভ্র। ১৫ নভেম্বর ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় তিনটি ইউনিট। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেন তিনি।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবা মো. মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
অগ্নিকাণ্ডে এক তরুণের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।



