২৪ঘন্টা ডেস্ক: ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। তাঁর এই সফরকে ঘিরে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান গোফম্যান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ।
এ ছাড়া মিয়ামিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মোসাদপ্রধানের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের নীতিগত অবস্থানে গুরুত্বপূর্ণ পার্থক্যের মধ্যেই গোফম্যানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। অন্যদিকে ট্রাম্প আপাতত সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এদিকে ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পর্যায়েও আলোচনা চলছে। বৃহস্পতিবার নেতানিয়াহু দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত গাদি আইজেনকোটের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তাঁকে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠক শেষে আইজেনকোট জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলা চালানোর কোনো কারণ তিনি দেখছেন না।
সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক আলোচনার মধ্যে কোন পথ বেছে নেবে ওয়াশিংটন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর বাড়ছে।



