২৪ঘন্টা অনলাইন: জলবায়ু সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তাঁরা।
১১ নভেম্বর তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
নৈশভোজে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। এ সময় উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী।
কূটনৈতিক পর্যবেক্ষণে এ ধরনের আনুষ্ঠানিক আয়োজনকে বিশ্বনেতাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি আয়োজিত এ ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
এর আগে বুধবার সকালে কপ৩১-এর নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।



