২৪ঘন্টা ডেস্ক: অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন পাকিস্তানের পুলিশ সদস্যরা। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও সাব-ইনস্পেক্টরসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
১১ নভেম্বর কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব হামলার বিষয়টি নিশ্চিত করেন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
পুলিশ সূত্রে জানা যায়, কোহাটের গামবাত এলাকায় অবৈধ সোনা উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার জন্য একটি দল যাত্রা শুরু করে। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে অবস্থান নিয়ে সশস্ত্র হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান এবং এসআই মুখতিয়ার রয়েছেন।
হামলার পর পুলিশ সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছে।
এদিকে, হতাহতদের চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করতে কোহাট জেলা সদর টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অবৈধ খনিজ সম্পদ উত্তোলনবিরোধী অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর এমন হামলার ঘটনায় খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



