২৪ঘন্টা অনলাইন: দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্বঘোষিত ১০ নভেম্বরের ‘ধর্মঘটের’ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রমের অবস্থা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে নির্ধারিত দায়িত্বে থেকেও অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।
আদেশে বলা হয়, ১০ নভেম্বর ২০২৬ তারিখে রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে হবে। পাশাপাশি ওই দিনের ক্লাস ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের মধ্যে কেউ অনুপস্থিত ছিলেন কি না, সেটিও উল্লেখ করতে হবে।
এতে আরও বলা হয়, কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তিনি যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, সে সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে পাঠাতে হবে। অর্থাৎ, নির্ধারিত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও যাচাই করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



