২৪ঘন্টা অনলাইন: কক্সবাজারের উখিয়ার ইনানীতে পরিত্যক্ত নলকূপ থেকে টানা ১৫ দিন ধরে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় ভূগর্ভে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে অনিয়ন্ত্রিত গ্যাস প্রবাহ ও আগুনের ঝুঁকি বিবেচনায় কূপটি দ্রুত নিরাপদে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
১০ নভেম্বর বাপেক্সের নয় সদস্যের একটি প্রতিনিধিদল ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণ করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল নির্গত গ্যাসের স্থায়িত্ব এবং ভূগর্ভস্থ উৎসের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া।
হাওলাদার রফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে একই গতি ও চাপে গ্যাস বের হওয়ার বিষয়টি বিশেষজ্ঞদের নজরে এসেছে। তাঁদের ধারণা, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট থেকে নির্গত হচ্ছে না; বরং ওই এলাকায় বড় ধরনের ভূগর্ভস্থ গ্যাসের আধার থাকার সম্ভাবনা রয়েছে।
তবে সম্ভাব্য গ্যাসের উৎস নিয়ে আরও নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। আপাতত অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন ও আগুনের কারণে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য জরুরি ভিত্তিতে কূপটি নিয়ন্ত্রণে এনে নিরাপদে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাপেক্স জানিয়েছে, কূপ নিয়ন্ত্রণের কাজ সফলভাবে শেষ হলে পরবর্তী সময়ে ওই এলাকার ভূতাত্ত্বিক জরিপ করা হবে। একই সঙ্গে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন জ্বলছে এবং পানির প্রবাহও নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এখন বাপেক্সের সামনে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো—ঝুঁকিপূর্ণ গ্যাস প্রবাহ বন্ধ করে এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করা। এরপরই জানা যেতে পারে, ইনানীর ভূগর্ভে থাকা গ্যাসের উৎস কতটা সম্ভাবনাময়।



