২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ইস্তাম্বুলে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তিন দিনের সফরে জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউএনডিপি প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

১০ নভেম্বর, ২০২৬ এ ২২:৪৪
ইস্তাম্বুলে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী

২৪ঘন্টা অনলাইন: কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীকে দেওয়া হয় ভিভিআইপি মর্যাদা। সফরে জলবায়ু ইস্যুর পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তুরস্ক সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ নভেম্বর স্থানীয় সময় দুপুরে ইস্তাম্বুলে পৌঁছালে তাঁকে বিশেষ রাষ্ট্রীয় প্রটোকলে অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়।

প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে ইস্তাম্বুল ছাড়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এই সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আন্তর্জাতিক এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলা এবং বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এই সফরকে।

#জাতীয়#সংবাদ#তারেক রহমান তুরস্ক সফর#ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী#প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা#কপ-৩১ সম্মেলন#COP31#জুবাইদা রহমান#বাংলাদেশ তুরস্ক সম্পর্ক#জলবায়ু সম্মেলন#Istanbul Airport#Bangladesh Prime Minister
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram