২৪ঘন্টা অনলাইন: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হারুনুর রশিদ (৭৯) ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার ভাই, রায়পুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন ধরে তিনি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।



