২৪ঘন্টা অনলাইন: স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন অটোরিকশা চালকরা। সমাবেশে অংশ না নিয়ে রাস্তায় অটোরিকশা চালানোয় অন্য চালকদের বাধার মুখে পড়তে হচ্ছে। এ সময় আন্দোলনে অংশ না নেওয়া চালকদের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিচ্ছেন আন্দোলনকারীদের কেউ কেউ।
এদিকে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অটোরিকশা চালকরা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে সমাবেশ চলার সময় আশপাশের সড়কে অটোরিকশা চলাচল করছিল। এ সময় সমাবেশে যোগ না দিয়ে অটোরিকশা চালানোর কারণে কয়েকজন চালককে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দিতে দেখা যায় তাদের। এতে সমাবেশে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়।
শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—ই-রিকশা চলাচল নীতিমালার শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসকারী ধারা সংশোধন, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।
এ ছাড়া নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, বর্তমানে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিল পরিশোধ করা বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপনের দাবি রয়েছে তাদের।
নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি করা এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ প্রদান কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে ই-রিকশা বিক্রিতে সুলভ মূল্য নির্ধারণের দাবি রয়েছে।
সড়কের লেন পদ্ধতি সচল, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরসাইকেল স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণের দাবিও রয়েছে ১২ দফায়।
এ ছাড়া ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, বর্তমানে সচল সব গ্যারেজকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান এবং ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক অঙ্কের সুদে শ্রমিকদের ঋণ দেওয়ার দাবি রয়েছে তাদের।
শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুতের দাম, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
১২ দফার শেষ দাবিতে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা ক্ষুদ্র পুঁজি সুরক্ষিত করা এবং পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত বাহনের অমানবিক শ্রম থেকে মুক্ত করার কথা বলা হয়েছে।
সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার অটোরিকশা চালক উপস্থিত রয়েছেন।



