২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে।
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সার্বভৌমত্ব র্যালির সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল সাড়ে ৩টার দিকে র্যালিটি শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে র্যালিটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কারওয়ান বাজার হয়ে সংসদ ভবন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংসদ ভবন এলাকায় ট্রাকে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত করতে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তবে অতীতের মতো ভবিষ্যতেও ছাত্র-জনতা ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এসব অপচেষ্টা রুখে দাঁড়াবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় স্বার্থ ও চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সব বাধা মোকাবিলা করা সম্ভব।


