২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

হৃদয়ের দেড়শতে ক্যারিবীয়দের ধরে ফেলার আশায় বাংলাদেশ

৭ নভেম্বর, ২০২৬ এ ১৫:১০
হৃদয়ের দেড়শতে ক্যারিবীয়দের ধরে ফেলার আশায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি, সেটিকে ম্যাজিক ফিগারের পর এবার দেড়শতে নিয়ে গেছেন তাওহীদ হৃদয়। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তার বীরোচিত ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে লড়াইয়ের আশা দেখাচ্ছে। উপযুক্ত সঙ্গে দিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৭৪ রান।

১৮৪ রানে বাংলাদেশ যখন সপ্তম উইকেট হারায়, তখনও ক্যারিবীয়রা ১৭২ রানে এগিয়ে। সেখান থেকে তাইজুলকে নিয়ে ব্যবধানটা ৮২ রানে নিয়ে এসেছেন হৃদয়। আর এটাই বাংলাদেশকে প্রথম ইনিংসের সংগ্রহটা বাড়িয়ে নেওয়ার আশা দেখাচ্ছে। তাইজুল-হৃদয় জুটি এখন পর্যন্ত ৯০ রান করেছে।

এর আগে ১৭১তম বলে টেস্ট ক্যারিয়ারে প্রথম ম্যাজিক ফিগারে পৌঁছান হৃদয়। ওই সময় তিনি ১১ চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠে ডানহাতি এই ব্যাটারের ব্যাট। ২৩৫ বলে দেড়শতে পৌঁছানোর পথে তিনি খেললেন ১৪ চার ও ৫ ছক্কায়। অর্থাৎ, পরের ৫০ রানের মধ্যে ৩৬ রানই এসেছে বাউন্ডারিতে। তাইজুল ১৫ রান করে সঙ্গ দিলেও বেশিরভাগ বলই মোকাবিলা করছেন হৃদয়।

এর আগে আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে। ফলে হৃদয়ের সঙ্গে তার জুটি থামে ৭৩ রানে।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে নেমেই লিটন দাস আগ্রাসী ব্যাটিং শুরু করেন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়ে ফাঁদ তৈরি করেছেন ওয়ারিকান। ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে মুশফিকের মতোই কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়েছেন। ক্যারিবীয় তারকা সেটি তালুবন্দী করলেন একদম আয়েশি ভঙ্গিতে। হৃদয়-মেহেদি মিরাজের জুটিও আশা দেখিয়ে ভেঙেছে ৪১ রানে।

বেশ সাবলীল ব্যাটিং করতে থাকা মিরাজ রোস্টন চেজের বলে প্যাডেল শট খেলার মনস্থির করেছিলেন আগে থেকেই। ফলে ঠিকঠাক ব্যাটে না হওয়ায় ক্যাচ উঠে যায়, প্রথম স্লিপ থেকে দৌড়ে গিয়ে জাস্টিন গ্রিভস ঝাঁপিয়ে সেটি লুফে নেন। ১৬ রানে থামলেন মিরাজ। ৬ রানের ব্যবধানে আউট হয়েছেন হাসান মাহমুদও। ওয়ারিকানের বাইরে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের আলতো স্পর্শ নিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। ফলে ১৮৪ রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারায়।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram