২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ফ্লোরিডায় সড়কে বিমান বিধ্বস্ত, ৯ আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকার একটি সড়কে বিধ্বস্ত হয়েছে ব্যবসায়িক বিমান। এতে উড়োজাহাজটির নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

২ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫
ফ্লোরিডায় সড়কে বিমান বিধ্বস্ত, ৯ আরোহী নিহত
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা ডেস্ক: ২৪ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন। স্থানীয় সময় ২ নভেম্বর দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে ছয় লেনের একটি সড়কে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর সড়কজুড়ে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। আগুন ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় তখন রাত ১০টা ৫০ মিনিট। দুর্ঘটনাস্থলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। এটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি বিধ্বস্ত হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনাস্থলের চিত্রে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় সড়কে তৈরি হয়েছে বড় গর্ত। বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে বিমানের ভাঙা অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিমানটি মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের সড়কে বিধ্বস্ত হয়। সড়কটির আশপাশে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। দুর্ঘটনার পর চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে ব্যাপক প্রাণহানির আশঙ্কাযুক্ত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করে উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। দলটি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্ত কার্যক্রমে সহায়তা করবে।

তবে বিমানটির নয় আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পাশাপাশি বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সড়কে থাকা অন্য কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের স্মরণ করে শন ডাফি বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের জন্য সবার প্রার্থনা করা উচিত।

#জাতীয়#সংবাদ#ফ্লোরিডায় বিমান দুর্ঘটনা#যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত#ফ্লোরিডা বিমান দুর্ঘটনা#৯ জন নিহত#লিয়ারজেট ৬০#পাম বিচ কাউন্টি#ক্রেস্টহ্যাভেন বিমান দুর্ঘটনা#মার্কিন বিমান দুর্ঘটনা#শন ডাফি#যুক্তরাষ্ট্রের সর্বশেষ খবর#আন্তর্জাতিক সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram