সাদমানের সেঞ্চুরির পর ধস, ২৭২ রানে অলআউট বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগলেও দ্বিতীয় দিনের সকালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় বাংলাদেশ।
আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারেই দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে ১০৫ রানেই থামে তাঁর ইনিংস। অভিষিক্ত জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
সাদমানের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। আগের দিন পেশিতে টান লাগায় ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে নামেন তিনি। তবে কোনো রান যোগ না করেই বিশপের বলে বোল্ড হন হৃদয়।
এরপর লিটন দাসের সঙ্গে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে ১৫ রানেই থামেন তিনি। লিটনের সঙ্গে তাঁর ৩২ রানের জুটি স্থায়ী হয় ৭১ বল।
মিরাজের বিদায়ের পর নাঈম হাসানকে ফেরান শামার জোসেফ। ১২ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন নাঈম। একই বোলারের শিকার হয়ে ৬ রান করে ফেরেন হাসান মাহমুদ। পরে ওয়ারিক্যানের ঘূর্ণিতে উইকেটকিপার আমির জাঙ্গুর হাতে ক্যাচ দিয়ে আউট হন তাইজুল ইসলাম।
এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ৮৮ বলে চারটি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন দাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন সাদমান ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল জোমেল ওয়ারিক্যান। ৫৩ রান দিয়ে পাঁচটি উইকেট নেন তিনি। শামার জোসেফ পান তিনটি এবং অভিষিক্ত জশুয়া বিশপ নেন দুটি উইকেট।
