জাতীয়

তারেক-তাকাইচি বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা

২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM
তারেক-তাকাইচি বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৭ অক্টোবর স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ শীর্ষ বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পাওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram