জাতীয়

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

২৬ অক্টোবর, ২০২৬ এ ৪:১৪ PM
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি : সংগৃহীত

২৪ঘণ্টা অনলাইন : ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় বড় ধরনের আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে জানা যায়নি। এ ছাড়া আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে পাঁচটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। বর্তমানে আট ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম বলেন, দুপুর সাড়ে ১২টায় খবর পাওয়ার প্রথমে পাঁচ ইউনিট কাজ শুরু করলেও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram