ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সৌরভ (২৫) ও আসিফ (২৬)। সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। নিহত অপর যাত্রী আসিফের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ১৩ যাত্রীর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুকুনুজ্জামান জানান, দিনারপুর থেকে সিলেট গামী বাস ও সিলেট থেকে ঢাকা গামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আহত হয় ১৫ জনের মত। পরে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে সেখানে ২ জনের মৃত্যু হয়।
