কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) ঘটা এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করেই ঘটনাটি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, প্রাদেশিক রাজধানী এডমন্টনের পূর্বে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগিন্টি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঘাঁটিতে ঘটে যাওয়া ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।’
তবে বিস্ফোরণের কারণ, হতাহতের সংখ্যা কিংবা কোনো অস্ত্র বা গোলাবারুদের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরিস্থিতিকে ‘চলমান ও স্পর্শকাতর’ বলে বর্ণনা করেন প্রতিরক্ষামন্ত্রী।
কানাডার সশস্ত্র বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। পরে প্রবল বাতাসের কারণে আগুন প্রশিক্ষণ এলাকার সীমানা ছাড়িয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় কানাডার সশস্ত্র বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে তদন্ত চলছে।
