মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

২৪ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে পৃথক একটি অভিযোগে তাঁকে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর বরাতে জানা গেছে, তরুণীর নাম নাজমিহ আমিন। তিনি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের বাসিন্দা। বর্তমানে তাঁকে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের তারিখ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তাঁর পরিবার প্রথমে ধারণা করেছিল, সরকারবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি ছিল মহানবীকে নিয়ে কটূক্তি। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ষষ্ঠ শাখায় তাঁর বিচার অনুষ্ঠিত হয়।
বিচার চলাকালে নাজমিহ আদালতকে জানান, তিনি ইচ্ছাকৃতভাবে মহানবীকে নিয়ে কটূক্তি করেননি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য লিখেছিলেন বলে দাবি করেন। তাঁর আইনজীবীদের ভাষ্য, বক্তব্যটি ইচ্ছাকৃত ছিল না।
তবে আদালত তাঁর বক্তব্য গ্রহণ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাঁর।
