দুই বছরের শিশুকে রেখে চলে গেলেন মা, পাশে দাঁড়ালেন ইউএনও

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট: দুই বছরের এক শিশুকে সড়কের পাশে রেখে চলে গেলেন মা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
২১ আগস্ট সন্ধ্যায় উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের জেলে পাড়া এলাকার একটি ইটভাটার পাশে শিশুটিকে পাওয়া যায়। স্থানীয়রা তার কান্না শুনে এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে তার দাদির কাছে নেয়া হয়।
পারিবারিক বিচ্ছেদের কারণে দাদি শিশুটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি ইউএনও মো. হাবিবুল্লাহকে জানানো হলে, তিনি শিশুটিকে নিজের বাসভবনে নিয়ে যান। শিশুটির জন্য পোশাক ও খাবারের ব্যবস্থা করেন। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. পলাশ ও মা মিতু আক্তারের প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর শিশুটিকে নিয়ে পারিবারিকভাবে নানা জটিলতা তৈরি হয়।
ঘটনার পর ইউএনও শিশুটির বাবা মো. পলাশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বর্তমানে কর্মস্থলের কারণে এলাকার বাইরে রয়েছেন। ২৪ আগস্ট তিনি সশরীরে উপস্থিত হয়ে সন্তানের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন।
এর মধ্যে শিশুটিকে তার ফুফু রেসমা খাতুনের কাছে রাখা হয়েছে। শিশুটির ভরণ-পোষণের জন্য তিন দিনের প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট শিশুটির আইনগত অভিভাবকত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুটিকে সড়কের পাশে রেখে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, দুই বছরের শিশুটিকে একা ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
