যে অভ্যাস ছাড়তে পারছেন না জয়া

২৪ঘণ্টা অনলাইন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের এমন একটি অভ্যাসের কথা জানিয়েছেন, যা দীর্ঘদিন ধরে ছাড়ার চেষ্টা করেও এখনো ত্যাগ করতে পারেননি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, তিনি ছোটবেলা থেকেই পান খেতে পছন্দ করেন। এই অভ্যাসের শুরু তার শৈশবে, ঠাকুরমার হাত ধরেই।
স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ছোটবেলায় তার ঠাকুরমা পান সাজানোর সময় অল্প করে তাকে খেতে দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়, যা আজও রয়ে গেছে।
জয়া জানান, বহুবার এই অভ্যাস বদলানোর চেষ্টা করেছেন। কিন্তু যখনই ঠাকুরমার কথা মনে পড়ে, তখনই তিনি পান খেয়ে ফেলেন। এমনও হয়েছে যে, পান রাখার কৌটো সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির হয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, পরিবারের সদস্যরাও বারবার তাকে এই অভ্যাস ত্যাগ করতে বলেন। তিনিও পান খাওয়া কমাতে চান, তবে এখনো পুরোপুরি তা সম্ভব হয়ে ওঠেনি।
এদিকে জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ সম্প্রতি মুক্তি পেয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাটি ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর ধারাবাহিকতা। গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটিতে আবারও জয়া আহসান, কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
