চুয়াডাঙ্গায় কুপিয়ে যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন

২৪ঘন্টা অনলাইন : চুয়াডাঙ্গায় জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
১১ জুলাই রাত প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। জাহিন শেখ পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, রাতে ফোন করে জাহিনকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছাতেই আগে থেকে ওত পেতে থাকা একদল হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপানোর পর তারা দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, জাহিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
