উত্তর-পূর্বে বন্যার শঙ্কা বাড়ছে

২৪ঘন্টা অনলাইন : নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
এফএফডব্লিউসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত। আগামী ২৪ ঘণ্টায় আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। এরই মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
