প্রতারণা মামলায় সিটি গ্রুপের এমডি বিপাকে

২৪ঘণ্টা অনলাইন: সময় মিডিয়া লিমিটেডের বিজ্ঞাপন বিলের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে মামলার নথি পর্যালোচনা করে এ আদেশ দেন।
মামলাটি দায়ের করেন সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের। আদালত সূত্র জানায়, আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন করলেও তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
এই মামলার অন্য আসামিরা হলেন— সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞাপন বিল মওকুফের একটি নোটিশ জারি করেন। এর মাধ্যমে আগস্ট মাসের বিজ্ঞাপন বিল বাবদ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হলেও আসামিরা কোনো সাড়া দেননি। থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন।
আদালত অভিযোগ আমলে নিয়ে এর আগে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
