ভেনেজুয়েলায় মৃত ৩,৩৪২ অব্যাহত উদ্ধার তৎপরতা

২৪ঘণ্টা অনলাইন: ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। দেশটির তথ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সরকারি হিসাবে, দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে। এ ঘটনায় ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে দুর্গত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সরকারের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।
