শপথ নিয়ে নৌবাহিনীতে ৬১ নতুন কর্মকর্তা

২৪ঘণ্টা অনলাইন: মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষার শপথ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেছেন ৬১ জন নবীন কর্মকর্তা। রোববার (২১ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন।
এবারের কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান ২০২৩-বি ব্যাচের ৫৪ জন এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের ৭ জন কর্মকর্তা রয়েছেন। মোট ৬১ জন নবীন কর্মকর্তার মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে ‘সোর্ড অব অনার’ লাভ করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান (এক্স), বিএন। দ্বিতীয় স্থান অর্জনের জন্য মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ (এক্স), বিএন নৌ প্রধান স্বর্ণপদক লাভ করেন। এছাড়া অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু (শিক্ষা), বিএন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক অর্জন করেন। বিদেশি প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে মিডশিপম্যান জেহাদ এ. এম. সালাহ (এক্স), পিএল বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেন।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে নৌবাহিনী প্রধানসহ অতিথিরা তাদের কাঁধে এপোলেট পরিয়ে দেন।
ভাষণে অ্যাডমিরাল এম নাজমুল হাসান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় আধুনিক সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণে কাজ করছে। শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও সিএনআরডির মাধ্যমে দেশীয় প্রযুক্তির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আনম্যানড এয়ারক্রাফট যুক্ত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় উন্নত নজরদারি ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও জ্যামার স্থাপনের কাজ চলমান রয়েছে।
নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগের মনোভাব নিয়ে দেশের সেবা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
