শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনে প্রণোদনা

২৪ঘন্টা অনলাইন : শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনে প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। ৮ হাজার কৃষককে দেয়া হবে বিশেষ প্রণোদনা। শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে এই আয়োজন।
২০২৫–২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০টি জেলার ৮ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে বিনামূল্যে পেঁয়াজ বীজ (কন্দ), সার, সংরক্ষণ পাত্রসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।
প্রতিটি কৃষক ২০ শতক জমিতে চাষের জন্য ১৬০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, একটি সংরক্ষণ পাত্র এবং নগদ সহায়তা পাবেন। প্রতি কৃষকের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮২৫ টাকা। কর্মসূচিতে সবচেয়ে বেশি কৃষক রয়েছেন রাজশাহী ও ফরিদপুরে। প্রতি জেলায় ১ হাজার জন করে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ৯০০, পাবনা ও সিরাজগঞ্জে ৬০০ করে, বগুড়ায় ৫০০, মাদারীপুরে ৪০০ এবং অন্যান্য জেলায় ২০০–৩০০ জন করে কৃষক।
কৃষক নির্বাচন ও উপকরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন কমিটি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা তালিকা প্রস্তুত করবেন এবং ইউএনওর মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন হবে। সব তথ্য জাতীয় ডাটাবেজে সংরক্ষণ ও ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগে দেশীয় পেঁয়াজ বীজ উৎপাদন বাড়বে। উৎপাদন খরচ কমবে। হ্রাস পাবে আমদানি নির্ভরতা। পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি পাবে। কৃষি পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী হবে। সর্বোপরি এগিয়ে যাবে দেশ।
