মিঠাপানির মাছও রপ্তানির লক্ষ্য সরকারের

২৪ঘণ্টা অনলাইন: দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মিটিয়ে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের উদ্দেশ্য।
২৮ সেপ্টেম্বর সোমবার জাতীয় সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন খায়রুল কবির খোকন।
মন্ত্রী বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে হলে এই মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব অপরিসীম। মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে তিনি সবার আন্তরিক সহযোগিতা চান।
বৈঠকে কমিটির সভাপতি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এসব প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, কমিটির সভাপতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এ ছাড়া দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। এরপর মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর জনবল, পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও ছিলেন।
