বিনোদন

অপেক্ষার অবসান যমজ সন্তানে

৬ জানুয়ারি, ২০২৬ এ ৭:৫৭ PM
অপেক্ষার অবসান যমজ সন্তানে

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ এক দশকের দাম্পত্য, অসংখ্য ভালোবাসার মুহূর্ত আর অপেক্ষার পর অবশেষে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুখবর পেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। যমজ পুত্রসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সুখবরটি জানান এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে তারা লেখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি আমরা।’ ছোট্ট এই বাক্যেই যেন ধরা পড়েছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া পূর্ণতার অনুভূতি।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে বিবেক দাহিয়া খানিকটা রসিকতার সুরে লেখেন, ‘অপেক্ষার অবসান। আমাদের “দ্য বয়েজ” এসে গেছে, আর জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর লাগছে। দিব্যাঙ্কা আর আমি জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।’

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য বয়েজ’–এর প্রসঙ্গ টেনে নিজের যমজ ছেলেদের ‘দ্য বয়েজ’ বলে পরিচয় করান তিনি। পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদও চেয়েছেন এই অভিনেতা। সন্তান জন্মের ঠিক কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। ছবিগুলোতে ছিল এক ধরনের শান্ত সৌন্দর্য আর নতুন জীবনের অপেক্ষা। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘একসময় আমরা একে অপরের ঘর ছিলাম, এখন আমরা আরেকজনের জন্য একটি ঘর হয়ে উঠছি। এই যাত্রা কেমন হবে জানি না, তবে এটুকু জানি—এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সফর।’

২০১৬ সালের ৮ জুলাই বিয়ে করেন দিব্যাঙ্কা ও বিবেক। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সেটে পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরে বিয়ে। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও স্থায়ী জুটি হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন তারা।

এবার সেই ভালোবাসার গল্পে যোগ হলো নতুন অধ্যায় দুই ছোট্ট ছেলের আগমন। পরিবারজুড়ে এখন আনন্দের আবহ, আর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা।
 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অপেক্ষার অবসান যমজ সন্তানে | ২৪ঘণ্টা