প্রথম ইসিংস ইংল্যান্ড ৩৮৭, ভারতও ৩৮৭

২৪ঘণ্টা অনলাইন : লর্ডসে প্রথম ইনিংসের শেষে আলাদা করা গেল না দুই দলকে। ইংল্যান্ডের তোলা ৩৮৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংসও শেষ হল ৩৮৭ রানে। সুযোগ থাকলেও লিড নিতে পারল না ভারত।
লর্ডসে প্রথম ইনিংসের শেষে আলাদা করা গেল না দুই দলকে। ইংল্যান্ডের তোলা ৩৮৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংসও শেষ হল ৩৮৭ রানে। সুযোগ থাকলেও লিড নিতে পারল না ভারত। ১১ রানে শেষ চারটি পড়ল তাদের। কেএল রাহুলের শতরান এবং ঋষভ পন্থের জেদী ৭৪ রানের ইনিংস তৃতীয় দিনের পাওনা। সঙ্গে রয়েছে রবীন্দ্র জাডেজার ৭২ রান। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে ধ্রুপদী ক্রিকেটেই ভরসা রাখল ভারত। অর্থাৎ তাড়াহুড়ো না করে ধীরস্থির ক্রিকেট খেলেছেন রাহুলেরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২/০। এগিয়ে ২ রানে।
এখনও পর্যন্ত ২১৬৮টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে মাত্র আটটি টেস্টে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে প্রথম এই ঘটনা ঘটেছিল। দু’দলই প্রথম ইনিংসে ১৯৯ রান তুলেছিল। শেষ হয়েছিল ২০১৫ সালে লিডসে, ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্টে। সে বার দু’দল তুলেছিল ৩৫০ রানে।
তবে ম্যাচের শেষ দিকে চালাকির কারণে সমালোচিত হচ্ছে ইংল্যান্ড। ভারতের ইনিংস শেষ হওয়ার পর ইনিংস বিরতির জন্য ১০ মিনিট ছিল। তার পরেও যা সময় ছিল তাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দু’টি ওভার করা যেত। তবে জসপ্রীত বুমরাহদের খেলতে গিয়ে যাতে উইকেট না পড়ে, তার জন্য চালাকির আশ্রয় নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের ওপেনারেরা ইচ্ছা করে দেরি করে নামেন, যাতে একটি ওভারের বেশি না খেলতে হয়।
প্রথমে মাঠে নামতে, স্টান্স নিতে দেরি করেন। আম্পায়ারেরাও সতর্ক করেননি দেরি করার জন্য। ওভার শুরু হওয়ার পরেও বার বার বুমরাহকে থামিয়ে দিচ্ছিলেন জাক ক্রলি। অভিযোগ তুলছিলেন যে সাইটস্ক্রিনে কোনও নড়াচড়া হচ্ছে। ভারত অধিনায়ক শুভমনকে দেখা যায় কঠোর ভাষায় কিছু বলতে। রেগে যান সিরাজও। বুমরাহের পঞ্চম বল ক্রলির গ্লাভসে লাগে। এমন কিছু চোট লাগেনি। তবু ফিজিয়োকে মাঠে ডাকেন তিনি। এতে আরও রেগে যান ভারতের ক্রিকেটারেরা। শুভমন-সহ বাকি ক্রিকেটারেরা দুই ইংরেজ ওপেনারের সামনে গিয়ে হাততালি দিতে থাকেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় ইংরেজ ওপেনারদের।
