সারাদেশ

২১ দিনে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

২১ দিনে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

২৪ঘণ্টা অনলাইন : জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৪৬৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৬৪ কোটি টাকা। রোববার (২২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বল হয়, ২০২৪ সালের জুন মাসের ২১ দিনে দেশে এসেছিল ১৯১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ৪ শতাংশ।

এর আগে, দেশে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া মাসের শুরুতে ছিল ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে পরিবার-পরিজনের নিকট বেশি অর্থ পাঠায় প্রবাসী বাংলাদেশিরা। ফলে রেমিট্যান্স আহরণ বাড়ছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার এবং মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram