শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যা বললেন ফারুকী

২৪ঘণ্টা অনলাইন : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- এটা ফেইক নিউজ।
৪ জুন দুপুর পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে।
প্রসঙ্গত, শেখ মুজিবসহ জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না, তারা সহযোগী মুক্তিযোদ্ধা- এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে গতকাল থেকেই ব্যাপক সমালোচনা চলে সামাজিক মাধ্যমসহ সবখানে। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সেই বিতর্কের ইতি টানলেন। তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা।
কমেন্টে গেজেটের একটি স্ক্রিনশট দিয়েছেন ফারুকী। সেখানে লেখা রয়েছে, ‘সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন।’
এদিকে, বুধবার সকালে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, ‘মুজিব নগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা; তবে ওই সরকারের কর্মকর্তা-কর্মচারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে।’
