সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শটগানের কার্তুজ রাখায় ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেপ্তার

৩ ডিসেম্বর, ২০২৫ এ ৪:২৭ AM
ব্রাহ্মণবাড়িয়ায় শটগানের কার্তুজ রাখায় ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেপ্তার

২৪ ঘণ্টা অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও কনস্টেবল মো. সোহরাব হোসেন (৩০)।বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো. সোহেল আহমেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বাসায় অবৈধভাবে গোলাবারুদ সংরক্ষিত আছে- এমন খবরে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।  এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রাহ্মণবাড়িয়ায় শটগানের কার্তুজ রাখায় ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেপ্তার | ২৪ঘণ্টা