২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছে অস্ত্রও ছিল। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।
১৭ নভেম্বর সকালে বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যকে বর্তমানে বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) রাখা হয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাঁকে বিজিবির বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির এই কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আটক বিএসএফ সদস্যের বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সীমান্তের ভেতরে বিদেশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের অস্ত্রসহ আটকের ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। তবে কী পরিস্থিতিতে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।



